দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ট্রান্সফরমারের তার ও কয়েল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলার বাসুদেবপুর গ্রামে চুরি করা ট্রান্সফরমারের কয়েল বিক্রি করতে আসেন ওই দুই যুবক। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁরা ট্রান্সফরমারের তার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।
পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুহুল আমিন এবং দৌলতপুর গ্রামের ছক্কু মিয়ার ছেলে সাজন বাবু।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে স্থানীয়রা দুইজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁদের কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ট্রান্সফরমারের তার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএস/